আশিস গুপ্ত, নয়াদিল্লি : তিন তালাককে শাস্তিযোগ্য অপরাধ মেনে নিয়ে অর্ডিন্যান্সে সম্মতি দিলো ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা।
বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন দেশটির আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, অর্ডিন্যান্সে রাষ্ট্রপতির সইয়ের পরই তিন তালাক ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হবে।
উল্লেখ্য, রাজ্যসভায় এই নিয়ে আইন পাশে আগে ব্যর্থ হয়েছিল নরেন্দ্র মোদির সরকার। ২০১৭ সালে লোকসভায় পাশ হওয়া মুসলিম মহিলাদের সুরক্ষায় বিবাহ আইনে যে অধিকার দেওয়া আছে এদিনের অর্ডিন্যান্সে একইরকমের বিধান রাখা হয়েছে। তালাক–ই–বিদ্দত বা তাৎক্ষণিক তিন তালাককে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে চিহ্নিত করে শীতকালীন অধিবেশনেই বিল পাশ করেছিল লোকসভা। কিন্তু রাজ্যসভায় বিলটি আটকে যাওয়ায় তা আর আইন হয়ে উঠতে পারেনি। রাজ্যসভায় বিলটির ফৌজদারি অপরাধ নিয়েই মূলত আপত্তি জানায় বিরোধীরা।
২০১৭ সালের আগস্টে তাৎক্ষণিক তিন তালাককে বেআইনি ও অসাংবিধানিক হিসাবে রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। সরকারকে এই বিষয়ে আইন প্রণয়নের নির্দেশেও দিয়েছিল ভারতের শীর্ষ আদালত।