শিরোনাম

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৪২ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীমঙ্গলে সড়কে গাছ ফেলে ডাকাতি, আহত ৩০

স্বপন কুমার দেব, মৌলভীবাজারঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাউয়াছড়া সড়কে গাছ ফেলে বিভিন্ন যানবাহনে ডাকাতি করেছে ডাকাতদল। মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ সড়কে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় ৩০ জন যাত্রী আহত হয়েছে। পরে রাত ১টার দিকে পুলিশ পৌঁছলে ডাকাতেরা চা বাগানের দিকে পালিয়ে যায়।

ডাকাতির শিকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে শ্রীমঙ্গল-লাউয়াছড়া সড়কের বিটিআরআই চা বাগানের বেলতলী এলাকায় সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে ২৫ থেকে ৩০ জন ডাকাত।

এ সময় শ্রীমঙ্গলের ফাইভ স্টার হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ হোটেলের স্টাফদের গাড়ি, সিএনজি অটোরিকশার চালক ও যাত্রীদের মারধর করে মুঠোফোন ও লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা।

ডাকাতদের হামলায় গুরুতর আহতরা হলেন, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ হোটেলের সহকারী ম্যানেজার ইমরান হোসেন, আশরাফুল ইসলাম, ড্রাইভার মনি সিংহ, আরিফ রানা, হেলাল উদ্দিন, সোহেল মিয়া, সুজন বৈদ্য, দুলাল মিয়া, মিনহাজ, মোহাম্মদ আলী, মো.আলম শেখ, মো. জুয়েল। তারা শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আহতরা জানান, ডাকাতেরা ওই সড়কে যাত্রীদের প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে রাত ১টার দিকে পুলিশ পৌঁছলে ডাকাতেরা চা বাগানের দিকে পালিয়ে যায়।

ডাকাতের হামলায় ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিকশা চালক আলম শেখ বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে ডাকাতি শুরু হয়। ২৫-৩০ জনের মতো ডাকাত ছিল। ডাকাতদের হাতে চাকু, পিস্তল, লাঠি ও দা ছিল। ২০টি গাড়িতে লুটপাট করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, ‘৮ থেকে ১০টি যানবাহনে ডাকাতি হয়েছে। ডাকাতির ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।’

আমাদেরসময়.কম whatsapp চ্যানেল ফলো করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়