কি করে ফেরত দেবো?
আলী রীয়াজ
তোমার দেয়া উপহারগুলো ফেরত দিয়েছি,
প্রত্যাখানের কষ্ট ছিল বুকে,
‘ভালোবাসি’ বলে
রেস্তোরার বিলে লেখা
আঁকিবুকি
ছোট্ট কাগজটুকু
ফিরে গেছে তোমার নিকটে|
নীল কালিতে লেখা সম্বোধনহীন দুই শব্দ ‘ভালো থেকো’,
আমাদের সম্পদ বলে তুলে রাখা
তিনখানা সাদাকালো ছবি
আমি গতকালই তোমাকে দিয়েছি;
একসাথে খুঁজেপেতে কিনে ফেলা কবিতার বই,
গত শীতে আমাকে জড়িয়ে রাখা মাফলার
তাও তো তোমার জানি,
তাদের বলেছি আমি - ‘বিদায়’ |
তোমার স্পর্শগুলো কি করে ফেরত দেবো?
হাতে হাত, একাকিত্বে ছুঁয়ে দেয়া,
তোমার উষ্ণতা
কি করে ফেরত দেবো?
বলো, কি করে ফেরত দেবো?