লিহান লিমা: পরপর দেওয়া দুইটি ভাষণে যৌনতাকে ইশ্বরের উপহার ও বিশপদের দ্বারা যৌন নির্যাতনের ঘটনাকে শয়তানের প্ররোচনা বলে মন্তব্য করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। পোপের এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোরভাবে সমালোচিত হয়।
সোমবার ফ্রান্সে ক্যাথলিক তরুণদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘নারী ও পুরুষের মধ্যকার বৈবাহিক সম্পর্ক ইশ্বরের দেওয়া উপহার। এটি প্রগাঢ় ভালবাসা যা অন্য আরেকটি প্রাণ তৈরি করে।’ পোপ আরো বলেন, ‘আত্মিক বোধের দূর্বলতার কারণে মানুষ তাদের যৌনতাকে ভালবাসা নয় বিনোদনের জন্য ব্যবহার করে।’ পোপের এই মন্তব্যের প্রেক্ষিতে টুইটার ব্যবহারকারী ডব্লিউ ক্লেটন বলেন, ‘যে সব শিশুরা যৌন হয়রানির শিকার হয়েছে তাদের জন্য এটি কোন ইশ্বরের উপহার নয়। পোপ ফ্রান্সিসের এসব বলা বন্ধ করা উচিত।’ রেভ টন বলেন, ‘বিশপদের রক্ষা করার জন্য যখন এসব কথা বলা হয় তখন এর সঙ্গে ইশ্বরের সম্পর্ক থাকতে পারে না।’ ১১ সেপ্টেম্বর ভ্যাটিকানে দেয়া এক ভাষণে পোপ শয়তানকে অভিযুক্ত করেন। তিনি বলেন, ‘মূল হোতা, শয়তান, যারা বিশপের ওপর আছর করেছে। তারা মানুষকে দূষিত করছে।’
সম্প্রতি জার্মানিতে এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে, দেশটিতে ১৯৪৬ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ৩ হাজার ৬৭৭টিরও বেশি শিশু ক্যাথলিক চার্চের যাজকদের দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়েছে। এর আগে আর্চবিশপ কালো মারিয়া ভিগানো অভিযোগ করেন, পোপ ফ্রান্সিস ও অন্য উচ্চপর্যায়ের বিশপরা কার্ডিনাল থিওডোল ম্যাকক্লারিকসহ অন্যন্যদের দ্বারা হওয়া যৌন নিপীড়নের ঘটনা চাপা দিয়েছেন। ভিগানো বলেন, পোপ জানতেন ম্যাকক্লারিক যৌন নির্যাতন করেছেন কিন্তু তিনি সমস্যার সমাধানে কিছুই করেন নি। আগস্টে যুক্তরাষ্ট্রে চালানো এক তদন্তে উঠে আসে, পেনসেলভেনিয়ায় ৩০০ ক্যাথলিক পুরোহিতের দ্বারা ১ হাজারেরও বেশি শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। স্পুটনিক।