মতিউর রহমান (ভান্ডারী), সাভার : খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশ না নিলে, ‘বিএনপি’ নামের দলটি দেশ থেকে নিরুদ্দেশ হয়ে যাবে’।গতকাল বুধবার বিকেলে সাভারের ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসী কলাতিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, আগামী একাদশ জাতীয় নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি। এজন্য বিএনপি জামায়াত এ মাসেই দেশের চলমান যানবাহন গুলোতে অগ্নিসংযোগসহ সন্ত্রাসী কর্মকান্ড শুরু করতে পারে। যড়যন্ত্র করলে এ দেশের জনগণ ঘরে বসে থাকবে না। দেশের মানুষ এখন প্রতিবাদী। জনগণ এখন বুঝতে শিখেছে। সংসদ বহাল রেখেই আগামী নির্বাচন হবে। সেই নির্বাচনকালীন সরকার প্রধান থাকবে জননেত্রী শেখ হাসিনা। আর এ নির্বাচনে বিএনপি অংশ না নিলে, বিএনপি দেশ থেকে নিরুদ্দেশ হয়ে যাবে বলে মন্তব্য করেন মন্ত্রী।
এসময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ রাসেল হাসান, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা, ভাকুর্তা ইউনিয়ন যুবলীগের সভাপতি তফিজ উদ্দিনসহ আরও অনেকেই।